সাংবাদিকদের সাথে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময়

ক্যাম্পাস
সাংবাদিকদের সাথে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময়
১৮ জুন ২০২৬, ৮:৪৫ পিএম


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সঙ্গে নোয়াখালী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 



বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে মতবিনিময় এবং আসন্ন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে সাংবাদিকদের মূল্যবান পরামর্শ গ্রহণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।



সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে আজ শতাধিক সাংবাদিক  আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন। এ জন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী ২২ জুন নোবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস। আমরা নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবো। এদিন এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় দিবসে আমরা ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করবো। অন্যদিকে ৩টি ক্যাটাগরিতে তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আশা করি আমরা সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে এ দিবসটি উদযাপন করতে পারবো।


উপাচার্য আরও বলেন, সাংবাদিকদের আলোচনায় যে বিষয়গুলো উঠে এসেছে ধীরে ধীরে তার প্রতিটি বিষয় সমাধানের চেষ্টা করা হবে। একই সঙ্গে শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে যেনো এ বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি। আগামী অর্থবছরে অবকাঠামো ক্ষেত্রে উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্পের কাজ আমরা শুরু করেছি। এক্ষেত্রে একাডেমিক ভবন-৩ প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের ক্লাস ও ল্যাব রুমসহ অনেক সমস্যার সমাধান হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে একটি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও যানজট নিরসনে সোনাপুর থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাবাজার পর্যন্ত সড়ক ফোরলেনে উন্নীত করা হলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে।


এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে, প্রতিটি স্টেকহোল্ডারের সমন্বিত প্রচেষ্টায় সকল সমস্যার সমাধান করা হবে।


সভায় নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আজকের এ সংবাদ সম্মেলনে সবাইকে স্বাগত। অতীতে সাংবাদিকবৃন্দ যেভাবে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, আশা করি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।  বিশ্ববিদ্যালয় পরিচালনায় আপনাদের যে কোনো সুপরামর্শ আমরা সাদরে গ্রহণ করবো এবং নোবিপ্রবির উন্নয়নে সবাই একযোগে কাজ করবো।


নোবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. গাজী মো. মহসিনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করে।