নোবিপ্রবিতে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা: এলইডি স্ক্রিনে প্রদর্শিত হবে ম্যাচ
ছবিঃ এআই - নোবিপ্রবি প্রতিনিধি
ফুটবল বিশ্বকাপ মানেই বাড়তি আমেজ, আবেগ ও উন্মাদনা। সেই উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে অনুমোদন প্রদান করে। সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামের এলইডি স্ক্রিনে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। খেলা উপভোগের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে নোবিপ্রবি শাখা ছাত্রদল।
এর আগে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ প্রদর্শনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সঙ্গে মতবিনিময় করে স্মারকলিপি প্রদান করে নোবিপ্রবি শাখা ছাত্রদল।
প্রশাসনের এ সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, “ডিজিটাল স্ক্রিনে খেলা প্রদর্শনের বিষয়টি প্রশাসনের নজরে আনার জন্য নোবিপ্রবি ছাত্রদলকে ধন্যবাদ। শিক্ষার্থীবান্ধব উপাচার্যের এমন সিদ্ধান্ত বিশ্বকাপের উন্মাদনাকে আরও বাড়িয়ে দেবে।”
শিক্ষার্থীদের মতে, বড় পর্দায় খেলা দেখানোর এ উদ্যোগ ক্যাম্পাসে বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে এবং শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে।
এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, “ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে প্রতি আসরেই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মাঝে এক বিশেষ উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে রাজধানীকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন স্পন্সরশিপের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখার সুযোগ পেয়ে থাকে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন সুযোগ তুলনামূলকভাবে সীমিত।
আমরা জানতে পারি যে, আমাদের উপাচার্য স্যার একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তি এবং ক্রীড়াঙ্গনে তাঁর বিভিন্ন অর্জন রয়েছে। তাই শিক্ষার্থীদের জন্য অডিটোরিয়ামে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো প্রদর্শনের আবেদন জানাই। আনন্দের বিষয় হলো, তিনি আমাদের আবেদন ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় অনুমতি প্রদান করেছেন। এজন্য আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সবার সহযোগিতায় আমরা সুশৃঙ্খলভাবে এ আয়োজন সম্পন্ন করতে চাই, যাতে সবাই একসঙ্গে বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারে।”
নোবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ হাসান বলেন, “ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় অডিটোরিয়ামে খেলা প্রদর্শনের উদ্যোগ নিয়েছে নোবিপ্রবি ছাত্রদল। এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা ও প্রয়োজনীয় অনুমতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশ্বকাপ ফুটবল বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগ ও উৎসবের নাম। সেই উৎসবমুখর পরিবেশ ক্যাম্পাসে ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের সম্মিলিতভাবে খেলা উপভোগের সুযোগ সৃষ্টি করতেই আমাদের এ উদ্যোগ। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অডিটোরিয়ামে এসে খেলা উপভোগ করার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে অডিটোরিয়ামের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি।”
এ বিষয়ে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “ফুটবল বিশ্বকাপ একটি বৈশ্বিক আয়োজন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও সেই আগ্রহ ও উদ্দীপনা বিদ্যমান। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বিশ্বকাপের ম্যাচ দেখার ব্যবস্থা করার বিষয়টি আমরা ইতিবাচকভাবে বিবেচনা করেছি।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আধুনিক ডিজিটাল স্ক্রিন রয়েছে। আমরা বিশ্বাস করি, এখানে শিক্ষার্থীরা একসঙ্গে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবে। তাদের আগ্রহ ও চাহিদার বিষয়টি বিবেচনায় রেখেই আমরা এ অনুমতি দিয়েছি।”
উপাচার্য আরও বলেন, “খেলাধুলা আনন্দ ও সম্প্রীতির বার্তা বহন করে। তাই কোনো দলের প্রতি সমর্থন বা উচ্ছ্বাস যেন কোনো ধরনের বিশৃঙ্খলার কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল স্থাপনা ও সম্পদ শিক্ষার্থীদের জন্য। তাই অডিটোরিয়াম ও ডিজিটাল স্ক্রিনসহ সব সম্পদ সংরক্ষণের দায়িত্বও আমাদের সবার।”
তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে অডিটোরিয়ামে এসে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, সবার অংশগ্রহণে এ আয়োজন আনন্দঘন ও স্মরণীয় হয়ে উঠবে।
আপনার মতামত লিখুন