জবির প্রফেশনাল এমবিএতে কর্পোরেট গভর্নেন্স: পেশাদারিত্বের নতুন দিগন্ত
ব্যবসায় শিক্ষায় সময়োপযোগী পরিবর্তন আনতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে চালু হয়েছে এমবিএ (প্রফেশনাল) প্রোগ্রামে “কর্পোরেট গভর্নেন্স” নামে নতুন একটি বিশেষায়িত কোর্স। বহুমাত্রিক দক্ষতা ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বর্তমান বিশ্বে কর্পোরেট খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর ব্যবস্থাপনার গুরুত্ব দিন দিন বাড়ছে। বিশেষ করে ব্যাংকিং খাত, বহুজাতিক কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানে সুশাসনের অভাব থেকে সৃষ্ট নানা চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদের চাহিদা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে নতুন এই প্রোগ্রামকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এই প্রোগ্রামে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক কেস স্টাডি, কর্পোরেট নীতি, ঝুঁকি ব্যবস্থাপনা, অডিট ও কমপ্লায়েন্স বিষয়ে ব্যবহারিক ধারণা লাভ করবে। ফলে তারা ভবিষ্যতে কর্পোরেট খাতে দক্ষ পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ও এমবিএ (প্রফেশনাল) প্রোগ্রামের পরিচালক ড. নীলোৎপল সরকার বলেন,
“কর্পোরেট গভর্নেন্স এখন আর শুধু একটি তাত্ত্বিক বিষয় নয়; এটি একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। আমরা এমন একটি প্রোগ্রাম চালু করেছি, যেখানে শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করে নিজেদের কর্মক্ষেত্রে সরাসরি প্রয়োগ করতে পারবে।”
ভর্তি যোগ্যতার ক্ষেত্রে জানানো হয়েছে, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
আপনার মতামত লিখুন