জিলাপির ‘সরকারি রেট’ খ্যাত তাজু ভাইয়ের পেজ উদ্ধার
রবিবার (৫ এপ্রিল) হঠাৎ করেই তার এই বিশাল ফলোয়ারের পেজটি ফেসবুক থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। প্রিয় ব্যক্তিত্বের পেজটি খুঁজে না পেয়ে গত ২৪ ঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছিলেন তার ভক্তরা
সব শঙ্কা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুনরুদ্ধার হয়েছে কুড়িগ্রামের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’। সোমবার (৬ এপ্রিল) দুপুরে পেজটি ফিরে পাওয়ার পর এক ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।ভিডিওতে আলহামদুলিল্লাহ পড়ে তাজু জানান, প্রিয় পেজটি ফিরে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। এর আগে রবিবার (৫ এপ্রিল) হঠাৎ করেই তার এই বিশাল ফলোয়ারের পেজটি ফেসবুক থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। প্রিয় ব্যক্তিত্বের পেজটি খুঁজে না পেয়ে গত ২৪ ঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছিলেন তার ভক্তরা।
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জিলাপির 'সরকারি রেট' নিয়ে করা একটি ভিডিওর মাধ্যমে রাতারাতি দেশজুড়ে পরিচিতি পান তাজু। তার গ্রাম্য সহজ-সরল বাচনভঙ্গি আর সাবলীল উপস্থাপনা মুহূর্তেই সাধারণ মানুষের মন জয় করে নেয়। মাত্র আট দিনের ব্যবধানে তার পেজের অনুসারী সংখ্যা ৬ হাজার থেকে ১০ লাখে গিয়ে ঠেকে, যা কুড়িগ্রামের ইতিহাসে এক বিরল ঘটনা। ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ৮০ লাখ ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।
তাজুর এই আকাশচুম্বী জনপ্রিয়তা কেবল ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ থাকেনি। তার মানবেতর জীবন যাপনের চিত্র দেখে পাশে দাঁড়িয়েছে নাগেশ্বরী উপজেলা প্রশাসন। তাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তার পাশাপাশি স্থায়ী খাসজমি ও ঘর নির্মাণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তার বাড়ি নির্মাণের কাজ শুরু করেছে।
২০২৫ সাল থেকে নিভৃতে ভিডিও তৈরি শুরু করলেও সেই ২৬ মার্চের জিলাপির ভিডিওটিই মূলত তাজুর ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবাররা তার বাড়িতে ভিড় করছেন, যা তার জীবনের এক নতুন অভিজ্ঞতা। হারানো পেজটি ফিরে আসায় এখন আবারও নিয়মিত ভিডিও কন্টেন্ট নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কুড়িগ্রামের এই ভাইরাল সেনসেশন।
আপনার মতামত লিখুন