ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীর আত্মহত্যা

সারাদেশ
ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীর আত্মহত্যা

নিহত ব্যবসায়ী আমিনুল ইসলাম

২৩ মার্চ ২০২৬, ৫:২৫ পিএম

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পারিবারিক কলহের জেরে আমিনুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আমিনুল ইসলাম শুখানপুকুরী ইউনিয়নের তুরুকপথা  এলাকার বাসিন্দা এবং আসরাফ আলীর একমাত্র পুত্র। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও মাইক-সাউন্ড সিস্টেম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ২৩ (মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ির শোবার ঘরে গলায় তোয়ালে পেঁচিয়ে সরের সাথে ঝুলে আত্মহত্যা করেন তিনি। ঘটনার সময় পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন বলে জানা গেছে। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে চলমান পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তবে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা ধরনের আলোচনা চলছে।

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে। পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, হঠাৎ এ ধরনের অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং পারিবারিক সমস্যা সমাধানে সচেতনতার প্রয়োজন রয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে স্তব্ধতা, আরেকটি প্রাণ ঝরে পড়ার বেদনাহত স্মৃতি রেখে গেল আমিনুল ইসলামের এই মর্মান্তিক বিদায়।

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন