লিচু বাগান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ের একটি লিচু বাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চর এলাকার একটি লিচু বাগানে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাহাড়ে যাওয়া কয়েকজন ব্যক্তি মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত ব্যক্তির পরনে সাদা টিস্যু গেঞ্জির ওপর একটি হাফহাতা গেঞ্জি এবং কুঁচি করা লুঙ্গি ছিল। মরদেহে পচন ধরেছে। তার দুই হাত পিছমোড়া করে এবং দুই পা বাঁধা অবস্থায় ছিল।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
আপনার মতামত লিখুন