উল্লাপাড়ায় ঐতিহ্যের আঙ্গারু মেলা লেগেছে আজ প্রথম শনিবার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলা মাস বৈশাখের প্রথম শনিবার শত বছরের বেশি বয়সী ঐতিহ্যের আঙ্গারু মেলা লেগেছে । আঙ্গারুতে পাচ পীর মাজার শরীফ ঘিরে বৈশাখ মাসের সব কটি শনিবারে গ্রামীণ মেলা বসে। আজ ১৮ এপ্রিল প্রথম শনিবার মেলা লেগেছে । এবারে বৈশাখের চার শনিবার আঙ্গারু মেলা হবে। এলাকার নামডাকের আঙ্গারু মেলায় নানা পণ্যের দোকান বসেছে।
উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারুতে যুগ যুগ ধরে এ মেলা হয়ে আসছে। এক কালে আশেপাশের উপজেলায় আঙ্গারু মেলার খুবই নামডাক ছিলো। বৈশাখের সব শনিবার জমজমাট মেলা লাগতো। এখনো অতীত ধারাবাহিকতায় মেলা লাগে।
আঙ্গারু মেলায় মাটির হাড়ি-পাতিল, কাঠের আসবাবপত্র, ঘর গৃহস্থালিতে ব্যবহার করা নানা সামগ্রী , সব ধরনের মসলার বহু দোকান বসেছে। শিমুল তুলা কেনাবেচা হয়েছে। এছাড়া কামার দোকানী , খেলনা সামগ্রী , চুড়ি - মালা দোকানীরা মেলায় অস্থায়ী দোকানঘর দিয়ে দোকান খুলে বসেছেন। এরা সবকটি মেলায় দোকান খুলে বসবেন বলে জানানো হয়।
সলঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে আঙ্গারু মেলা উন্মুক্ত ডাকে ছত্রিশ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে। সলঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ( মেন্বর ) মো. রফিকুল ইসলাম মণ্টু বলেন আগের দিনের নিয়মে বৈশাখ মাসের সব কটি শনিবার মেলা বসবে। আজ ১৮ এপ্রিল বৈশাখের প্রথম শনিবার মেলা লেগেছে। তিনি বলেন মেলায় কোনো ধরণের জুয়া খেলা চলতে দেওয়া হবে না।
একই সলঙ্গা ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য ( মেন্বর ) আঙ্গারু গ্রামের বসতি আ. খালেক বলেন গ্রামের মুরুব্বীদের কাছ থেকে আঙ্গারু মেলার সব কিছু আলাপ আলোচনায় শুনেছেন। আঙ্গারু মেলা শত বছরের বেশি সময় ধরে হয়ে আসছে। তবে আগের মতো এখন আর জমজমাট মেলা হয় না।
আপনার মতামত লিখুন