অটোচালক কামালের নীরব প্রচারণা, আলোচনায় এমপি হান্নান মাসুদ
নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের নীরব কিন্তু গুরুত্বপূর্ণ অবদান প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়। তেমনই এক অনুপ্রেরণাদায়ী গল্প উঠে এসেছে অটোচালক মোহাম্মদ কামালকে ঘিরে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের আগে নিজের উদ্যোগেই প্রচারণায় নেমে পড়েন কামাল। অটোচালক হিসেবে প্রতিদিন যাত্রী পরিবহনের পাশাপাশি তিনি সঙ্গে রাখতেন নির্বাচনী লিফলেট। তার অটোতে উঠা প্রতিটি যাত্রীর হাতে তুলে দিতেন একটি করে লিফলেট এবং “শাপলা কলি” প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাতেন। শুধু তাই নয়, নিজের টাকায় একটি সাউন্ডবক্স কিনে অটোতে স্থাপন করে চলন্ত অবস্থাতেই চালাতেন নির্বাচনী প্রচারণা।
কামালের এই প্রচেষ্টা ছিল আরও বিস্তৃত। কোনো যাত্রীকে বাড়িতে পৌঁছে দিতে গেলে তিনি সেই বাড়ির প্রতিটি ঘরে গিয়ে লিফলেট বিতরণ করতেন। নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলায় তার অটোটি ভাঙচুর করা হয়।
তবে এতে দমে যাননি কামাল। নিজের খরচে অটোটি মেরামত করে আবারও আগের মতোই লিফলেট দিয়ে সাজিয়ে রেখেছেন। এখনও তিনি একই উদ্যমে প্রচারণার স্মৃতি বহন করছেন।
সম্প্রতি একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান শেষে এই অটোচালকের সঙ্গে সাক্ষাৎ করেন আব্দুল হান্নান মাসুদ। তিনি জানান, কামালের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তাকে নিজের অটোতে করে ঘোরানোর। সেই ইচ্ছা পূরণ করতেই তার পাশে বসে কিছু সময় কাটান তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই ঘটনাটি তুলে ধরে আব্দুল হান্নান মাসুদ বলেন, নির্বাচনের পেছনে এমন অসংখ্য সাধারণ মানুষের অবদান রয়েছে, যাদের ত্যাগ ও ভালোবাসা সত্যিই অনন্য।
উল্লেখ্য, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বর্তমানে দেশের সর্বকনিষ্ঠ এমপি হিসেবে পরিচিত। তার বয়স ২৭ বছর। তার পিতা আব্দুল মালিক এবং বড় ভাই মাওলানা মোবারক।
এই ঘটনাটি আবারও প্রমাণ করে, রাজনীতির ময়দানে বড় অর্জনের পেছনে থাকে এমন অনেক অজানা মানুষের নিরলস পরিশ্রম ও নিঃস্বার্থ ভালোবাসা।
মহব্বত আল ইমরান
আপনার মতামত লিখুন