পীরগঞ্জে মসজিদের জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত একাধিক

জাতীয়
পীরগঞ্জে মসজিদের জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত একাধিক
১৫ এপ্রিল ২০২৬, ৫:০৬ পিএম

রংপুরের পীরগঞ্জ উপজেলার ৮ নং রায়পুর ইউনিয়নের ফলিয়া গ্রামে মসজিদের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফলিয়া গ্রামের মসজিদের প্রায় ১০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। একপক্ষে রয়েছেন ছাত্রদল নেতা মিঠুন, সাবেক বিএনপি সভাপতি আতোয়ার রহমান এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান। অন্যদিকে প্রতিপক্ষ হিসেবে রয়েছেন জামাতপন্থী শামীম বাবলু গ্রুপ ও আনিসার গ্রুপ। এই জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা ও পাল্টা-পাল্টি অভিযোগ চলে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধপূর্ণ ওই জমিকে কেন্দ্র করে আজ হঠাৎ উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আহতদের শরীরে মারাত্মক জখম ও আঘাতের চিহ্ন দেখা গেছে, যা এই সংঘর্ষের ভয়াবহতাকে স্পষ্ট করে তোলে।

সংঘর্ষের পর থেকে ফলিয়া গ্রামসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ গ্রামবাসী ও মুসল্লিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, পবিত্র মসজিদের জমি নিয়ে এ ধরনের সংঘাত অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় আনুষ্ঠানিক মামলার খবর পাওয়া যায়নি।

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন