ক্যানসার শনাক্তের তথ্য গোপন করেছিলেন নেতানিয়াহু, বর্তমানে সুস্থ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো তার শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হওয়ার কথা প্রকাশ্যে এনেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদনে জানানো হয়, তার প্রোস্টেটে এক সেন্টিমিটারের চেয়েও ছোট একটি ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়েছিল।
প্রধানমন্ত্রী জানান, প্রায় দুই মাস আগে ক্যানসার শনাক্ত হলেও তিনি তা জনসমক্ষে প্রকাশ করেননি। তার দাবি, ইরান যেন এই তথ্যকে ব্যবহার করে কোনো ধরনের মনস্তাত্ত্বিক প্রচারণা চালাতে না পারে, সেই উদ্দেশ্যেই তিনি বিষয়টি গোপন রেখেছিলেন।
২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট সমস্যার জন্য একবার অস্ত্রোপচার করান তিনি। পরবর্তী নিয়মিত পরীক্ষার মাধ্যমে টিউমারটি ধরা পড়ে। চিকিৎসকদের মতে, এটি অত্যন্ত প্রাথমিক স্তরে ছিল এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি।
প্রধানমন্ত্রীর চিকিৎসকদের দেওয়া চিঠিতে জানানো হয়েছে, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে টিউমারটি পুরোপুরি অপসারণ করা হয়েছে। বর্তমানে ৭৬ বছর বয়সী এই নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিয়মিত দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্যানসার জয়ের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। তবে চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, তার বর্তমান স্বাস্থ্যে কোনো জটিলতার ঝুঁকি নেই।
আপনার মতামত লিখুন