বাউফল হাসপাতালে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক

বাউফল হাসপাতালে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক
১৯ এপ্রিল ২০২৬, ৯:৪১ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাধিক মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ১৪-১৫টি যন্ত্রের মেয়াদ শেষ হলেও তা অপসারণ বা নবায়নের উদ্যোগ না নেওয়ায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালের ১৪-১৫টি অগ্নিনির্বাপক যন্ত্র সর্বশেষ ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি রিফিল করা হয়, যার মেয়াদ ছিল ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু মেয়াদ শেষ হওয়ার এক বছরেরও বেশি সময় পার হয়ে ২০২৬ সালের ২০ এপ্রিল পর্যন্ত সেটি একই অবস্থায় ঝুলতে দেখা গেছে।

এ অবস্থায় হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটলে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী বলেন, একটি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার কথা। বিশেষ করে অগ্নিনির্বাপণ যন্ত্র কার্যকর থাকা জরুরি। কিন্তু মেয়াদোত্তীর্ণ যন্ত্র ঝুলিয়ে রাখা অত্যন্ত দুঃখজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী জানান, শুধু যন্ত্র থাকলেই হয় না—এর ব্যবহার সম্পর্কে সংশ্লিষ্টদের ধারণাও থাকা প্রয়োজন। মেয়াদোত্তীর্ণ যন্ত্র ব্যবহারের চেষ্টা করলে তা উল্টো বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

এ বিষয়ে বাউফল প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু বলেন, “হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুত এটি অপসারণ করে নতুন যন্ত্র স্থাপন করা উচিত।”

বাউফল ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, “অগ্নিনির্বাপক যন্ত্র নিয়মিত রক্ষণাবেক্ষণ করা জরুরি। বছরে অন্তত একবার রিফিল এবং তিন মাস পরপর পরীক্ষা করা প্রয়োজন। মেয়াদ শেষ হয়ে গেলে যন্ত্রটি কার্যত অকার্যকর হয়ে পড়ে।”

এ বিষয়ে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বাস্থ্য-চিকিৎসা এর আরও সংবাদ

আরো পড়ুন