বাজেট ২০২৬-২০২৭
নিত্যপণ্যের দাম কমাতে সরকারের বড় সিদ্ধান্ত: ৬০টি পণ্যে উৎসে কর কমে ০.৫%
ছবি: সংগৃহীত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ওঠা সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড় ধরনের কর ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর (Source Tax) উল্লেখযোগ্য পরিমাণে কমানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, "সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।"
নতুন প্রস্তাব অনুযায়ী—ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল ও বীজসহ বিভিন্ন মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যের ওপর উৎসে করের হার আগের ৫ শতাংশ, ২ শতাংশ কিংবা ১ শতাংশ থেকে কমিয়ে মাত্র ০.৫ শতাংশ করা হচ্ছে।
বিগত বছরগুলোতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন দামের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাভিশ্বাস উঠেছিল, তার বিপরীতে গণতান্ত্রিক সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ জনজীবনে স্বস্তি আনবে।"
সংশ্লিষ্টরা মনে করছেন, আমদানি ও উৎপাদন পর্যায়ে করের হার এতটা কমে যাওয়ার ফলে বাজারে নিত্যপণ্যের দামের ওপর এর একটি ইতিবাচক প্রভাব পড়বে, যা সাধারণ মানুষের দৈনিক খরচের বোঝা কিছুটা হলেও লাঘব করবে।
আপনার মতামত লিখুন