নড়াইলে তেলের জন্য পাম্প ম্যানেজারকে 'খুন': ঘাতক ট্রাকচালক পলাতক
জ্বালানি তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে প্রকাশ্যে ট্রাকচাপা দিয়ে হত্যার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নড়াইলে। শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় ‘মেসার্স তানভীর ফিলিং স্টেশন’-এর সামনে এই নৃশংসতা চালানো হয়।
নিহত নাহিদ সর্দার (৩৩) ওই পাম্পের ম্যানেজার এবং স্থানীয় পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। এই ঘটনায় জিহাদুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাম্পের ক্যাশিয়ার জসিমউদ্দীন ও কর্মচারী সোহান ইসলামের দেওয়া তথ্যমতে, রাত ২টার দিকে ট্রাকচালক মো. সুজাত জ্বালানি তেল নিতে পাম্পে আসেন। পাম্পে তেল না থাকায় তিনি উত্তেজিত হয়ে ম্যানেজার নাহিদের সাথে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে সুজাত চিৎকার করে নাহিদকে ট্রাকের নিচে পিষে মারার হুমকি দেন।
পরবর্তীতে রাত সোয়া ২টার দিকে নাহিদ তার পরিচিত জিহাদুলকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে ঘাতক চালক ট্রাক নিয়ে তাদের পিছু নেন। পাম্পের কর্মীরা বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেল নিয়ে পেছনে গেলেও তার আগেই সুজাত পাম্পের অদূরে নাহিদকে ট্রাকচাপা দিয়ে দ্রুত পালিয়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাহিদের।
নিহতের চাচাতো ভাই মঞ্জুর সর্দার এটিকে একটি ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন। তিনি বলেন, "হুমকি দেওয়ার পর ওত পেতে থেকে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সর্বোচ্চ শাস্তি চাই।"
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত চালক সুজাত ও ট্রাকটি আটকের চেষ্টা চলছে। তুচ্ছ বিষয় নিয়ে এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও চরম উত্তেজনা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন