জাককানইবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ সেমিনার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প” শিরোনামে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের নবযুগ কনফারেন্স রুমে এই আয়োজনটি সম্পন্ন হয়।
রাইজ এআই ক্যাম্পের সৌজন্যে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ অফিসার শাম্মি আক্তার রুমি, বাংলালিংকের এইচআর ইন্টার্ন নোমান কিবরিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজনেস কেস সমাধানের বিভিন্ন কৌশল, বাস্তবমুখী চিন্তাভাবনা এবং কাঠামোগত বিশ্লেষণের মাধ্যমে সমস্যা সমাধানের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজনটি নিয়ে ক্যারিয়ার ক্লাবের সভাপতি জানান, “বর্তমানে অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে বড় কোনো বহুজাতিক কোম্পানিতে ক্যারিয়ার গড়ার। আর সেই লক্ষ্য পূরণে বিজনেস কেস কম্পিটিশনের অভিজ্ঞতা দারুণ কাজে লাগে। শিক্ষার্থীদের সেই উপকারের কথা মাথায় রেখেই ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের নিয়ে আমাদের এই আয়োজন। আশা করছি সবাই এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছে।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জনেরও বেশি শিক্ষার্থী এই সেমিনারে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন