সরকারের বৃক্ষরোপণ প্রকল্প বাস্তবায়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপণের উদ্যোগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে চার বছরে ৪৫০০ টি বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই উদ্যোগের বাস্তবায়নে এবছর এক হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রয়েছে। নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের একপাশে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
গত বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের কলা ভবন সংলগ্ন অংশের একপাশে সোনালু, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন ধরণের গাছ লাগানো হয়েছে।
এ বিষয়ে উপাচার্য বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই কার্যক্রম। বর্তমান বিশ্বে 'ক্লাইমেট চেঞ্জ' এর কারণে যেভাবে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এই ভয়াবহ সময়ে আমরা ক্লাইমেট চেঞ্জ ও উষ্ণতা বৃদ্ধি প্রতিরোধেই এই কার্যক্রম পরিচালনা করছি। আর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন বিষয়ক একটি কমিটি আছে। আমরা তাদের সেই কমিটির সাথে সমন্বয় করেই কাজ করছি।
উন্নয়ন, পরিকল্পনা ও ওয়ার্ক্স দপ্তরের পরিচালক হাফিজুর রহমান বলেন, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাঁচ বছরের মাঝে পঁচিশ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যেই আমরা বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করেছি। আমরা এবছর এক হাজার বৃক্ষরোপণ করবো এবং ধাপে ধাপে আগামী চার বছরের মধ্যে আমরা সাড়ে চার হাজার বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করবো।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার “৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ” কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, যা সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়; এতে বলা হয়, এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশেষ সেল গঠন করা হবে, যাতে পরিকল্পনা, সমন্বয় ও তদারকি কার্যক্রম জোরদার করা যায় এবং দেশের পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও সম্প্রসারিত করা সম্ভব হয়।
আপনার মতামত লিখুন