মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্ভাব্য হামলার মোকাবিলায় সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার একমাত্র স্থল সংযোগ ‘কিং ফাহাদ সেতু’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে এই গুরুত্বপূর্ণ সেতুতে সব ধরনের যান চলাচল স্থগিত করে কর্তৃপক্ষ।
কিং ফাহাদ কজওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে ইরানের সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ‘সতর্কতামূলক’ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাহরাইনের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটি বন্ধ হওয়ার ফলে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি ও সাধারণ মানুষের যাতায়াত পুরোপুরি থমকে গেছে।
পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হুমকি। তিনি ইরানকে উদ্দেশ্য করে বলেছেন, মঙ্গলবার ইস্টার্ন টাইম রাত ৮টার মধ্যে যদি কৌশলগত ‘হরমুজ প্রণালি’ জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত না করা হয়, তবে ইরানের বিদ্যুৎ গ্রিড এবং বড় বড় সেতুগুলোতে সরাসরি বিমান হামলা চালানো হবে।
বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর থাকায় অঞ্চলটি আগে থেকেই স্পর্শকাতর অবস্থায় ছিল। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই আলটিমেটাম এবং সৌদি-বাহরাইন সীমান্তে অভূতপূর্ব এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুরো মধ্যপ্রাচ্যকে এক বড় ধরনের আঞ্চলিক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে বর্তমানে সর্বোচ্চ সামরিক সতর্কতা জারি করা হয়েছে।