সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় তিন বছর বয়সী 'প্রতিবন্ধী' সন্তানের মা গ্রেপ্তার'

সরকারের সমালোচনা করায় তিন বছর বয়সী 'প্রতিবন্ধী' সন্তানের মা গ্রেপ্তার'

ডেস্ক রিপোর্ট

ভোলায় ফেসবুক পোস্টের জেরে জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে মধ্যরাতে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়েছে। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে পুলিশের এই গ্রেপ্তারের বিষয়টি অমানবিক বলে দাবি করছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১১টার দিকে ভোলা পৌরসভার নিজ বাসা থেকে বিবি সাওদাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রতিবেদন অনুযায়ী, নিজের ফেসবুক আইডি থেকে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিরূপ মন্তব্য এবং রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর আওতায় কারাগারে পাঠানো হয়।

ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে। ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক এই ঘটনাকে ‘ফ্যাসিবাদী নিপীড়নের অনুকরণ’ বলে অভিহিত করেছেন। তিনি অবিলম্বে সাওদার মুক্তি দাবি করে বলেন, একটি বাকপ্রতিবন্ধী শিশুর কোল থেকে তার মাকে এভাবে তুলে নেওয়া চরম অমানবিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের প্রশ্ন তুলেছেন, বর্তমান সরকার কি তবে সাবেক স্বৈরাচারী শাসনামলের পদাঙ্ক অনুসরণ করতে চায়?

আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলও এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, সমালোচনা করার দায়ে মধ্যরাতে গ্রেপ্তার সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভোলার ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন শাখা জানিয়েছে, সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে পোস্টগুলো শনাক্তের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ীই এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে বিবি সাওদা জেলা কারাগারে রয়েছেন।


প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন