সোমবার, ২০ এপ্রিল ২০২৬
আইআরজিসি’র গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত

আইআরজিসি’র গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত

আন্তর্জাতিক ডেক্স

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার ভোরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর একটি যৌথ বিশেষ অভিযানে নিহত হয়েছেন আইআরজিসি’র গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি।আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

ঘটনার পরপরই আইআরজিসি তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে খাদেমির মৃত্যুকে ‘শহাদত’ হিসেবে আখ্যায়িত করেছে। বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই ‘সন্ত্রাসী’ হামলার জন্য দায়ী করা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তেহরান এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই অভিযানের দায় স্বীকার করে জানিয়েছে, মাজিদ খাদেমির মৃত্যু ইরানের গোয়েন্দা সক্ষমতা এবং সামরিক কাঠামোর ওপর এক বিশাল আঘাত। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই অভিযানকে দেশের নিরাপত্তার জন্য একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন।

মাজিদ খাদেমি এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার পর খুব অল্প সময় অতিবাহিত হয়েছিল। গত ১৫ জুন ইসরায়েলি বিমান হামলায় আইআরজিসির সাবেক গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার পর খাদেমিকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে পর পর দুজন গোয়েন্দা প্রধানের প্রাণহানি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় ফাটল ও নিরাপত্তা ঝুঁকিকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের শীর্ষ স্তরের সামরিক কর্মকর্তাদের ওপর এই ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এখন ইরান ও পশ্চিমা শক্তির মধ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।তেহরানের পক্ষ থেকে পাল্টা জবাব কী হয়, এখন সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল।

সুত্রঃ বিবিসি।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন