সোমবার, ২০ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ: ওসিসহ আহত ৮

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ: ওসিসহ আহত ৮

বিশেষ প্রতিনিধি

লক্ষ্মীপুরে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অমান্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও 'জুলাই ফাইটার্স' ব্যানারে আয়োজিত মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশের ওসিসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার রাতে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম এবং জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর প্রতিবাদে রোববার বিকেল ৫টায় চকবাজার এলাকায় উভয় পক্ষ পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়। সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা বিকেল সাড়ে ৪টা থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিকেলে দুই পক্ষের নেতাকর্মীরা মিছিল নিয়ে চকবাজারে জড়ো হলে পুলিশ বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি অস্বীকার করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি মো. ইব্রাহীম হোসেন জানান, এটি ছাত্রদলের কোনো দলীয় কর্মসূচি ছিল না, বরং 'জুলাই ফাইটার্স'-এর ব্যানারে আয়োজিত প্রোগ্রাম ছিল। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় দায়িত্বশীলদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং চকবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন