সোমবার, ২০ এপ্রিল ২০২৬
'নয়া সংবাদ' সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নেহালপুর ক্যাম্প ইনচার্জের বদলি

'নয়া সংবাদ' সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নেহালপুর ক্যাম্প ইনচার্জের বদলি

বিশেষ প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর পুলিশ ক্যাম্পকে ঘিরে ওঠা ‘মুরগিতেও ঘুষ’সহ নানা চাঞ্চল্যকর অভিযোগের জেরে অবশেষে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বহুল আলোচিত ক্যাম্প ইনচার্জ রেজাউল করিমকে বদলি করে কেশবপুর উপজেলার ভাল্লুকঘর পুলিশ ক্যাম্পে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে নেহালপুর পুলিশ ক্যাম্পে নতুন ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন কেশবপুর উপজেলার চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম হোসাইন।

‎নয়া সংবাদে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে নেহালপুর এলাকায় মাদক ব্যবসা, জুয়ার আসর, মাসোহারা আদায়, চাঁদাবাজি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের কাছ থেকে নগদ অর্থের পাশাপাশি ‘মুরগি’ ঘুষ নেওয়ার অভিযোগ বিস্তারিতভাবে উঠে আসে। প্রতিবেদনটি প্রকাশের পরপরই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং একই সাথে বিভিন্ন প্রিন্ট ও অনলাইনে গুরুত্বের সাথে সংবাদটি প্রচার হয় এবং বিষয়টি দ্রুতই প্রশাসনের নজরে আসে। স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে নেহালপুরসহ আশপাশের এলাকায় মাদক ও জুয়ার বিস্তার ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। এতে করে যুবসমাজের মধ্যে মাদকের ছোবল ভয়াবহ আকার ধারণ করে এবং চুরি-ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যায়। তবে ক্যাম্প ইনচার্জ বদলির খবরে যেন দীর্ঘদিনের চাপা ক্ষোভের বাঁধ ভেঙে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন এলাকাবাসী। স্থানীয় বাজারগুলোতে এখন আলোচনা, এবার হয়তো কিছু একটা পরিবর্তন আসবে। অনেকেই বলছেন, সন্ধ্যার পর যেখানে আগে আতঙ্ক কাজ করত, এখন সেখানে কিছুটা স্বাভাবিকতা ফিরছে। অভিভাবকদের মধ্যেও স্বস্তি দেখা গেছে; তারা আশা করছেন, অন্তত সন্তানদের মাদক থেকে দূরে রাখা সহজ হবে।

‎একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, অনেকদিন পর মনে হচ্ছে আমাদের কথা কেউ শুনেছে। আরেকজন অভিভাবকের ভাষায়, পরিবর্তনের শুরুটা হয়েছে, এখন আমরা বাস্তব ফলাফল দেখতে চাই। এলাকার চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার সবখানেই এখন একটাই আলোচনা, নতুন ইনচার্জ কীভাবে পরিস্থিতি সামাল দেন। অনেকে নতুন আইসি শামীম হোসাইনের কাছে কঠোর অবস্থান প্রত্যাশা করছেন, বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে তিনি এসে দৃশ্যমান অভিযান চালাবেন ।

‎সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিবর্তন কেবল একটি প্রশাসনিক বদলি নয়, বরং একটি বার্তা অভিযোগ গুরুত্ব পায়, এবং গণমাধ্যমের ভূমিকা থাকলে জবাবদিহিতা তৈরি হয়। দৈনিক নয়া সংবাদে প্রকাশিত প্রতিবেদন যে বাস্তব পরিবর্তনের সূচনা করতে পারে, নেহালপুর তার একটি উদাহরণ হয়ে উঠেছে বলেও অনেকে মত দিয়েছেন।

‎‎এখন সবার দৃষ্টি নতুন দায়িত্বপ্রাপ্ত আইসির দিকে এই স্বস্তির আবহ কি স্থায়ী হবে, নাকি আবার পুরনো পরিস্থিতি ফিরে আসবে, তার উত্তর মিলবে সময়ের সঙ্গে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন