ওমরাহ পালন শেষে দেশে ফিরেই বিস্ফোরক মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে এসে ১১ দলীয় ঐক্য জোটের সাথে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপিকে ক্ষমতায় বসানোর পথ প্রশস্ত করছেন। তিনি বলেন, "সরকারের যাদের হাত ধরে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাস্তবায়ন হয়েছিল, এখন সেগুলো বাতিলের মুখে তাদের নীরব থাকা চলবে না। ড. ইউনূসকে অধ্যাদেশ নিয়ে কথা বলতে হবে। কাজ শেষ না করে উপদেষ্টাদের নিজ নিজ পেশায় ফিরে যাওয়ার সুযোগ নেই।"
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, বিএনপি দুই-তৃতীয়াংশ জনসমর্থনের দাপট দেখিয়ে জুলাই আন্দোলনের চেতনা ও জুলাই সনদ পরিপন্থী কাজ করছে। বিশেষ করে গুম প্রতিরোধ অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার অধ্যাদেশ এবং সচিবালয় অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেন তিনি। নাহিদ ইসলামের মতে, গুমের শিকার হওয়া নেতাদের দল হয়েও বিএনপি এই অধ্যাদেশ বাতিল করলে তা তাদের জন্য বড় কলঙ্ক হবে।
দেশের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে এই নেতা বলেন, "সামনে ভয়াবহ অর্থনৈতিক মন্দা আসছে। সরকার জনগণের হয়ে কথা না বললে টিকতে পারবে না।" ৫ আগস্টের পর থেকেই সংস্কারকে পাশ কাটিয়ে শুধু নির্বাচনের দিকে ধাবিত হওয়াকে তিনি ‘অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেন। ১৬ বছর ধরে মানুষ বিএনপির ওপর আস্থা পায়নি বলেই তাদের আন্দোলনে সাড়া দেয়নি এবং এখন ক্ষমতার কাছাকাছি এসে তাদের ‘আসল মুখোশ’ উন্মোচিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।