সোমবার, ২০ এপ্রিল ২০২৬
মণিরামপুরে বুরো বাংলাদেশ এনজিওর দৌরাত্ম্যে দিশেহারা গ্রাহকরা

মণিরামপুরে বুরো বাংলাদেশ এনজিওর দৌরাত্ম্যে দিশেহারা গ্রাহকরা

বিশেষ প্রতিনিধি

‎যশোরের মণিরামপুর উপজেলায় BURO Bangladesh (বুরো বাংলাদেশ) এনজিওর বিরুদ্ধে উঠেছে ভয়াবহ ও উদ্বেগজনক অভিযোগ। ক্ষুদ্রঋণের নামে সাধারণ মানুষকে জালে ফাঁসিয়ে পরে তাদের উপর চালানো হচ্ছে অমানবিক চাপ, অপমান আর মানসিক নির্যাতন-এমনটাই দাবি ভুক্তভোগীদের।

‎‎স্থানীয়দের অভিযোগ, কিস্তি পরিশোধে সামান্য দেরি হলেই শুরু হয় মাঠকর্মীদের দৌরাত্ম্য। বাড়িতে গিয়ে চড়া ভাষায় কথা বলা, পরিবার-পরিজনের সামনে অপদস্থ করা, এমনকি হুমকি-ধমকি দেওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত। অনেক পরিবার এই চাপ সহ্য করতে না পেরে মানবেতর জীবনযাপন করছে।

‎‎ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,‎“ঋণ দেওয়ার সময় মিষ্টি কথা, আর কিস্তির সময় যেন রূপ বদলে যায়! একটু দেরি হলেই অসম্মান, চাপ আর ভয় দেখানো-এটা কেমন সেবা?”

‎‎অভিযোগ উঠেছে, এনজিওটির কিছু অসাধু কর্মকর্তা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকদের জিম্মি করে রেখেছে। ফলে ঋণগ্রহীতারা একপ্রকার নিঃশব্দে নির্যাতনের শিকার হচ্ছেন, কিন্তু ভয়ে মুখ খুলতে পারছেন না।

‎‎এলাকাবাসী ও সচেতন মহল বলছে,‎“যেখানে উন্নয়নের কথা বলে এনজিও কাজ করার কথা, সেখানে যদি মানুষই হয় নির্যাতনের শিকার-তাহলে এটি ভয়ংকর প্রতারণা ছাড়া আর কিছু নয়।

‎‎এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে 'বুরো বাংলাদেশ' এর স্থানীয় শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।এখন প্রশ্ন একটাই-এই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন কবে জেগে উঠবে? নাকি ক্ষমতার ছত্রছায়ায় চলতেই থাকবে এই নিপীড়নের খেলা?

‎

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন