সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ইবিতে হেল্প ডেস্কে জায়গা সংকট, ভোগান্তির অভিযোগ ছাত্রশিবির ও ছাত্রদলের

ইবিতে হেল্প ডেস্কে জায়গা সংকট, ভোগান্তির অভিযোগ ছাত্রশিবির ও ছাত্রদলের

মো. মিনহাজুর রহমান মাহিম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রসংগঠনের হেল্প ডেস্ক কার্যক্রমে জায়গা সংকটের অভিযোগ উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় কার্যক্রম চালালেও সীমিত পরিসরের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককে।

শুক্রবার (৩ এপ্রিল) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ছাত্রদল পৃথকভাবে হেল্প ডেস্ক পরিচালনা করে।

ছাত্রশিবিরের হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, টিস্যু, কলম, চিরকুট সরবরাহ করা হয়। অভিভাবকদের সঙ্গে আসা শিশুদের জন্য রাখা হয় চকলেট। পাশাপাশি ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন করে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল ফোন ও ব্যাগ নিরাপদে রাখার জন্য কুপনের মাধ্যমে বিশেষ ব্যবস্থাও রাখা হয়।

অন্যদিকে ছাত্রদলের হেল্প ডেস্ক থেকেও ফুল, পানি, কলম, স্যালাইন, ওষুধ ও ফাইলসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হয়। এছাড়া পরীক্ষার্থীদের কেন্দ্র দেখিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য প্রদানে সহায়তা করেন সংগঠনটির নেতাকর্মীরা।

তবে উভয় সংগঠনের কার্যক্রমেই জায়গা সংকট বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে ব্যাগ জমা রাখা এবং অভিভাবকদের বসার জায়গা সংকটের কারণে ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা।

ছাত্রশিবিরের তথ্যমতে, তাদের হেল্প ডেস্কে প্রায় ৮০০টির মতো ব্যাগ জমা পড়ে, যা সংরক্ষণে পর্যাপ্ত স্থান ছিল না।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, উদ্যোগগুলো প্রশংসনীয় হলেও জায়গা কম থাকায় স্বাচ্ছন্দ্যে সেবা গ্রহণ করা সম্ভব হয়নি। অনেক ক্ষেত্রে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে অভিভাবকদের।

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শিক্ষার্থীদের সহযোগিতা দিতে। কিন্তু প্রশাসন থেকে দেওয়া জায়গা ছোট হওয়ায় কিছুটা সমস্যা হয়েছে। বিপুল পরিমাণ ব্যাগ জমা পড়ায় সংরক্ষণে সংকট তৈরি হয়।”

অন্যদিকে ইবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, “আমাদের পক্ষ থেকে বসার জায়গা ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। তবে সীমিত জায়গার কারণে সকলকে স্বাচ্ছন্দ্যে সেবা দেওয়া সম্ভব হয়নি।”

উভয় সংগঠনের নেতারা জানান, ভবিষ্যতে হেল্প ডেস্কের জন্য বড় পরিসরের জায়গা নির্ধারণ এবং ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যবস্থা গ্রহণ করা হলে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি অনেকটাই কমবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন