জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। স্থানীয় সময় গত মঙ্গলবার জর্জিয়া স্টেট সিনেটের এক বিশেষ অধিবেশনে গভর্নর ব্রায়ান পি কেম্প আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মার্কিন রাজনীতির দুই প্রধান পক্ষ রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের যৌথ সমর্থনে এই সম্মাননা প্রস্তাবটি গৃহীত হয়। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি সেনাদের পেশাদারিত্ব ও আত্মত্যাগের বিষয়টিকে এই প্রস্তাবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রশংসা জানানো হয়েছে। এই প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করেন জর্জিয়া অঙ্গরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।
সম্মাননা প্রদানের আগে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর ব্রায়ান পি কেম্পের সঙ্গে তাঁর দপ্তরে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের সামরিক স্বার্থসংশ্লিষ্ট ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর মি. বার্ট জোন্সের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান সেনাবাহিনী প্রধান। তাঁর এই সফর এবং প্রাপ্ত সম্মাননা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সামরিক ভাবমূর্তি ও শান্তিরক্ষা কার্যক্রমের গুরুত্বকে আরও সুদৃঢ় করল।