সোমবার, ২০ এপ্রিল ২০২৬
জনআকাঙ্ক্ষা উপেক্ষা করলে ‘পতন অনিবার্য’: যুব শক্তি নেতা রাকিবের হুঁশিয়ারি

জনআকাঙ্ক্ষা উপেক্ষা করলে ‘পতন অনিবার্য’: যুব শক্তি নেতা রাকিবের হুঁশিয়ারি

মহব্বত আল ইমরান

নোয়াখালী জেলা হাতিয়া উপজেলা জাতীয় যুব শক্তির সদস্য সচিব সাইফুল ইসলাম রাকিব (২৭) বলেছেন, জনগণের নাড়ি বা ‘পালস’ অনুধাবন করতে ব্যর্থ হয়ে এবং প্রতিপক্ষ দমনে অতিমাত্রায় মনোযোগী হওয়ায় অতীতে ক্ষমতাসীন দলকে চরম মূল্য দিতে হয়েছে। তিনি দাবি করেন, ৫ই আগস্ট ২০২৪-এর ঘটনাপ্রবাহ সেই বাস্তবতারই প্রতিফলন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাকিব বলেন, “বিগত সরকার জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে কেবল ক্ষমতার দাপট ও রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করেছে। যার চূড়ান্ত ফল আমরা ৫ই আগস্ট দেখেছি।”

তিনি অভিযোগ করেন, বর্তমান সময়েও কিছু রাজনৈতিক নেতা ও কর্মী একই ধরনের আচরণ করছেন, যা জনমনে ক্ষোভ তৈরি করছে। তার ভাষ্য, “অত্যন্ত পরিতাপের বিষয়, এখনো আমরা দেখছি কিছু নেতাকর্মী একই কায়দায় জনরোষ সৃষ্টি করছেন এবং জনগণের ক্ষোভের পাত্র হচ্ছেন।”

রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে একই পরিণতি আবারও ঘটতে পারে। “ক্ষমতা চিরস্থায়ী নয়—এই বাস্তবতা সবার মনে রাখা উচিত। জনগণের সেবক না হয়ে যদি আবার দমন-পীড়নের পথে হাঁটা হয়, তবে সেই একই গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগবে না,”—বলেন তিনি।

তিনি অবিলম্বে জনবিমুখ রাজনীতি পরিহারের আহ্বান জানান এবং প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এই যুব নেতা।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন