বুধবার, ২৭ মে ২০২৬
জ্বালানির অভাব নয়, চাহিদার কারণে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়:বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

জ্বালানির অভাব নয়, চাহিদার কারণে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়:বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই। মূলত চাহিদার (ডিমান্ড) উঠানামা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজনেই অনেক সময় বিদ্যুৎ কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জে নবনির্মিত ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

উৎপাদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, "জ্বালানির অভাবে নয়, অনেক সময় ডিমান্ড কম থাকলে বা মেইনটেনেন্সের প্রয়োজনে পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয়। বর্তমানে দেশে যে পরিমাণ চাহিদা রয়েছে, সেই অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যার ফলে এবারের রমজানে কোথাও কোনো বিভ্রাট হয়নি।"

সাম্প্রতিক লোডশেডিংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি পরিষ্কার করে বলেন, "এখন ঝড়ের মৌসুম। প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াকে লোডশেডিং বলা ঠিক হবে না। এটি স্রেফ কারিগরি কারণে সাময়িক বিঘ্ন।"

আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তেলের সরবরাহ নিয়ে জনমনে তৈরি হওয়া আতঙ্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করায় বাজারে চাপ বাড়ছে।"যে পেট্রোল পাম্পে প্রতিদিন এক লরি তেল লাগত, সেখানে প্যানিক বায়িংয়ের কারণে এখন দুই ঘণ্টাতেই তেল শেষ হয়ে যাচ্ছে। তবে আমাদের তেলের সরবরাহ স্বাভাবিক আছে।"

তেল নিয়ে দুর্নীতি ও কালোবাজারির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন:জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের মাধ্যমে বাজার কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।সিরাজগঞ্জে ইতোমধ্যেই কালোবাজারির দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।দেশজুড়ে এ ধরনের অসাধু চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী প্লান্টের সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দেশের নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।


প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন