গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী শেখ, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ১৯৭১ সালে পাকিস্তানি শোষণের বিরুদ্ধে জীবন বাজি রেখে তারা দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। তাদের এই অবদানের স্বীকৃতি স্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।