চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুরে মুদি দোকানে অবৈধভাবে অকটেন মজুত ও চড়া দামে বিক্রির দায়ে মকবুল হোসেন নামে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার চামারপাড়া এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ এক ছদ্মবেশী ক্রেতাকে মকবুলের দোকানে পাঠান। ওই ক্রেতার কাছে প্রতি লিটার অকটেনের দাম ২৭০ টাকা দাবি করেন দোকানি। হাতেনাতে প্রমাণ পাওয়ার পর সদর মডেল থানা পুলিশের সহায়তায় দোকানে ও বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ লিটার অবৈধ মজুতকৃত অকটেন জব্দ করা হয়।
অভিযুক্ত মকবুল হোসেন নিজের অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত অকটেন বিধি মোতাবেক বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ জানান, অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।