ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রুহিয়া থানাধীন রুহিয়া মহিলা কলেজে সংলগ্ন কালিতলা বাজারে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল কালীতলা মোড় সংলগ্ন পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন মো: নাসিরুল ইসলাম (৪৫) নামক এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০ পিস অ্যাম্ফেটামিন যুক্ত নেশাজাতীয় মাদকদ্রব্য (ইয়াবা) উদ্ধার করা হয়। আটককৃত নাসিরুল ইসলাম রুহিয়া থানার মাধবপুর গ্রামের মৃত ফলিম উদ্দীনের ছেলে।এই ঘটনায় ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) সাধন চন্দ্র রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।