শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
টেকনাফের হোয়াইক্যং সীমান্তে ‘নতুন বন্দর’! কাঁকড়া আমদানিতে সিন্ডিকেটের দৌরাত্ম্য

টেকনাফের হোয়াইক্যং সীমান্তে ‘নতুন বন্দর’! কাঁকড়া আমদানিতে সিন্ডিকেটের দৌরাত্ম্য

বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং মিয়ানমার সীমান্ত এলাকায় গড়ে উঠেছে এক ধরনের ‘অঘোষিত বন্দর’। অভিযোগ উঠেছে, এই সীমান্তপথ ব্যবহার করে প্রতিদিন গাড়ি গাড়ি কাঁকড়া আমদানি করছে কমল নামের এক ব্যবসায়ীর নেতৃত্বাধীন সিন্ডিকেট।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সীমান্তের এই রুট ব্যবহার করে অবাধে কাঁকড়া আনছে। এতে সরকার হারাচ্ছে রাজস্ব, আর স্থানীয় জেলেরা পড়েছেন চরম সংকটে।

স্থানীয় জেলেদের অভিযোগ, যেখানে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীরা অবাধে আসা-যাওয়া করতে পারছে, সেখানে রহস্যজনকভাবে তাদের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে তাদের জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

একজন জেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা মাছ ধরতে পারি না, অথচ প্রতিদিন ট্রাকে ট্রাকে কাঁকড়া ঢুকছে। এটা কেমন নিয়ম?”

আরেক জেলে জানান, “এই সিন্ডিকেটের পেছনে কারা আছে তা সবাই জানে, কিন্তু কেউ মুখ খুলতে সাহস পায় না।”

স্থানীয়দের দাবি, এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে সীমান্তে কঠোর নজরদারি বাড়িয়ে অবৈধ আমদানি ও অনুপ্রবেশ বন্ধের জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন