সোমবার, ২০ এপ্রিল ২০২৬
বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার

বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার

মামুনুর রশিদ মামুন

ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এক বিয়ের অনুষ্ঠান। বিয়ের উপহার হিসেবে বরকে দেওয়া হলো জ্বালানি তেল। যা উপস্থিত অতিথিদের মধ্যে সৃষ্টি করে হাস্যরস ও কৌতূহল। অনেকেই এটিকে সময়োপযোগী ও বাস্তবধর্মী উপহার হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার (২৩ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠানে বরের শুভাকাঙ্ক্ষী বড় ভাইয়েরা এই ভিন্নধর্মী উপহার প্রদান করেন।

উপহার প্রদানকারীরা জানান, বর্তমান সময়ে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এই উপহারটি শুধু ব্যতিক্রমীই নয়, বরং বাস্তবিক প্রয়োজনের কথাও বিবেচনায় রাখা হয়েছে। তারা বলেন, ‘সাধারণ উপহারের বাইরে গিয়ে এমন কিছু দিতে চেয়েছি, যা সত্যিই কাজে লাগবে এবং স্মরণীয় হয়ে থাকবে।’

বর রাতুল হাসান শাফি এই ব্যতিক্রমী উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটা সত্যিই অপ্রত্যাশিত ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এটি খুবই প্রয়োজনীয় একটি উপহার। বড় ভাইদের এমন চিন্তাশীল উপহারে আমি আনন্দিত ও কৃতজ্ঞ।’

স্থানীয়দের মতে, এ ধরনের ব্যতিক্রমী উপহার বিয়ের অনুষ্ঠানে নতুনত্ব এনে দিয়েছে এবং একই সঙ্গে সমাজের বাস্তব পরিস্থিতিরও প্রতিফলন ঘটিয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন