যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ইহুদি সম্প্রদায়ের একটি স্বেচ্ছাসেবী অ্যাম্বুলেন্স সেবার চারটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ এটিকে সন্দেহভাজন ইহুদিবিদ্বেষী (অ্যান্টিসেমিটিক) ঘৃণাজনিত অপরাধ হিসেবে ধরে নিয়ে তদন্ত শুরু করেছে।
সোমবার (২৩ মার্চ) ভোরে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ইহুদি সম্প্রদায়গুলোর অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা ‘হাতজোলা’র চারটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়। গ্যাস সিলিন্ডারের কারণে একাধিক বিস্ফোরণও ঘটে।
পুলিশ কর্মকর্তা সারাহ জ্যাকসন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রাথমিকভাবে তিনজন সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে।
ভোর ১টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে লন্ডন ফায়ার ব্রিগেড। প্রায় ছয়টি ফায়ার ইঞ্জিন ও ৪০ জন দমকলকর্মী এই আগুন নেভাতে কাজ করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ইহুদি সম্প্রদায়ের অ্যাম্বুলেন্স পরিষেবার চারটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং এই অগ্নিসংযোগকে ইহুদি-বিদ্বেষী অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনাকে ‘গভীরভাবে উদ্বেগজনক ইহুদিবিদ্বেষী অগ্নিসংযোগ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমাদের সমাজে ইহুদিবিদ্বেষের কোনো স্থান নেই। এমন সময়ে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।’