নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাস সার্ভিস চালু করেছেন স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। পরীক্ষার পুরো সময়জুড়ে নির্ধারিত রুটে এ বাস সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীরা কোনো ভাড়া ছাড়াই পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সুযোগ পাবেন।
কলেজ সূত্রে জানা যায়, পরীক্ষা মৌসুমে গণপরিবহনের সংকট, অতিরিক্ত যাত্রীচাপ ও সড়কের যানজটের কারণে প্রতিবছরই অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগে থাকেন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এতে শিক্ষার্থীরা যাতায়াতের দুশ্চিন্তা না করে পরীক্ষার প্রস্তুতিতে আরও বেশি মনোযোগ দিতে পারবেন।
পরীক্ষার্থী জারিফ হোসেন বলেন, পরীক্ষার আগে সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল সময়মতো বাস পাওয়া এবং যানজটের কারণে কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ার আশঙ্কা। বিনামূল্যের বাস সার্ভিস চালু হওয়ায় সেই উদ্বেগ অনেকটাই কেটে গেছে। এখন নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিতে পারছি।
আরেক পরীক্ষার্থী কেয়া সুলতানা বলেন, পরীক্ষার সময় নিরাপদ ও নির্ধারিত সময়ে যাতায়াতের সুযোগ পাওয়া আমাদের জন্য অনেক বড় স্বস্তি। এতে মানসিক চাপ কমবে এবং পরীক্ষায় ভালো করার আত্মবিশ্বাসও বাড়বে।
অভিভাবকরাও এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। তাদের ভাষ্য, পরীক্ষা চলাকালে সন্তানদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো নিয়ে যে উদ্বেগ থাকে, ফ্রি বাস সার্ভিস চালুর ফলে তা অনেকটাই দূর হয়েছে। এতে পরিবারগুলোও স্বস্তি পেয়েছে।
শিক্ষা-সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া এ ধরনের উদ্যোগ শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। পরীক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত হলে তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারবে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের মতে, শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নেওয়া এ উদ্যোগ জনবান্ধব নেতৃত্বের একটি ইতিবাচক উদাহরণ। ভবিষ্যতেও শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।