শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
ঈশ্বরগঞ্জে সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ৪৭

ঈশ্বরগঞ্জে সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ৪৭

মো. ইসহাক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা কার্যক্রম শুরু হয়। প্রথম দিনের পরীক্ষায় ঈশ্বরগঞ্জ উপজেলায় মোট ৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জে মোট ৬টি কেন্দ্রে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের পরিসংখ্যান অনুযায়ী এইচএসসি (সাধারণ) এর ১০৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১০২০ জন, অনুপস্থিত ২৫ জন। আলিম (মাদরাসা) এর ২৩০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২১৯ জন, অনুপস্থিত ১১ জন। কারিগরি (বিএম) এর ৪৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪৪০ জন, অনুপস্থিত ১১ জন। সব মিলিয়ে উপজেলায় মোট ১৭২৬ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিন অনুপস্থিত ছিল ৪৭ জন শিক্ষার্থী।

পরীক্ষা চলাকালীন কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কোনো পরীক্ষার্থী বহিষ্কার হওয়ার ঘটনাও ঘটেনি। স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রগুলোর চারপাশ জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান এবং শিক্ষা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। পরীক্ষাকেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম রোধে কেন্দ্র প্রধানদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, কেন্দ্রগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সামনের দিনগুলোতেও একইভাবে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন