শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন  আনন্দ-উল্লাসে গফরগাঁওয়ের জনগণ

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন আনন্দ-উল্লাসে গফরগাঁওয়ের জনগণ

আব্দুল হালিম সরদার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়  নতুন উপজেলা হিসেবে ‘দক্ষিণ গফরগাঁও’ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 নতুন উপজেলা অনুমোদনের খবর ছড়িয়ে পড়তেই গফরগাঁওয়ের দক্ষিণাঞ্চলজুড়ে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। প্রস্তাবিত আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিল বের করেন। এ সময় মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় এবং রঙ ছিটিয়ে উৎসব উদযাপন করতে দেখা যায়। 

স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এটি একটি ঐতিহাসিক অগ্রগতি। তাদের মতে, দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। উদযাপনে অংশ নেওয়া অনেকেই এ সিদ্ধান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্ছুর  ভূমিকাও উল্লেখ করেন তারা। দ্রুত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে নতুন উপজেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে—এমন প্রত্যাশা স্থানীয় জনগণের। তাদের দাবি, দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের জনদাবির প্রতিফলন ঘটেছে এবং এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন