কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ক্লাব ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেরব হোসেন অপি ও সাধারণ সম্পাদক হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী যায়েদ বিজ ওসমানকে মনোনীত করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সরাসরি তত্ত্বাবধানে কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা হিসেবে ছিলেন-
প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম ও চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রায়হান উদ্দিন ফকির।
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক যায়েদ বিন ওসমান বলেন, “এই দায়িত্ব আমার কাছে একটি আমানত। সততা, নিষ্ঠা ও দলগত মনোভাব নিয়ে ক্লাবের উন্নয়নে কাজ করব। বিশ্ববিদ্যালয়ে ক্রিকেটের মানোন্নয়ন, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতার মাধ্যমে শক্তিশালী ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সবার সহযোগিতায় ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই।”
সভাপতি মেহেরব হোসেন অপি বলেন, “আমার লক্ষ্য ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবকে আরও সুসংগঠিত, অন্তর্ভুক্তিমূলক ও পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা। নিয়মিত অনুশীলন, প্রতিভা বিকাশ, স্বচ্ছ কার্যক্রম এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাবের সাফল্য বৃদ্ধিতে আমরা কাজ করব। সকলের সহযোগিতায় ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করব।”