ভিডিও কনটেন্ট নির্মাতাদের জন্য বড় ধরনের আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে মেটা। ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ প্রোগ্রামের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করলে একজন নির্মাতা মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার (প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা) পর্যন্ত আয় করতে পারবেন। ইউটিউব শর্টস ও টিকটকের সাথে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটার তথ্য অনুযায়ী, এই নিশ্চিত আয়ের পরিমাণ নির্ভর করবে নির্মাতার ফলোয়ার সংখ্যার ওপর। ১০ লাখ বা তার বেশি ফলোয়ার থাকা নির্মাতারা এই সর্বোচ্চ সীমার অর্থ উপার্জনের সুযোগ পাবেন। তবে এই বিশেষ পেমেন্ট সুবিধাটি কেবল প্রথম তিন মাসের জন্য কার্যকর থাকবে। তিন মাস পর নির্মাতারা নিয়মিত বিজ্ঞাপন, স্টারস, সাবস্ক্রিপশন ও ব্র্যান্ড কোলাবরেশন থেকে আয় চালিয়ে যেতে পারবেন।
এই সুবিধা পেতে নির্মাতাদের জন্য তিনটি কঠোর শর্ত জুড়ে দিয়েছে মেটা:
১. প্রতি ৩০ দিনে অন্তত ১৫টি রিলস (স্বল্পদৈর্ঘ্য ভিডিও) পোস্ট করতে হবে।
২. মাসের অন্তত ১০টি আলাদা দিনে কনটেন্ট আপলোড করা বাধ্যতামূলক।
৩. ভিডিও অবশ্যই নির্মাতার নিজস্ব বা মৌলিক হতে হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে নির্মাতাদের প্রায় ৩০০ কোটি ডলার পরিশোধের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বড় অংশই বরাদ্দ রাখা হয়েছে রিলস নির্মাতাদের জন্য। এছাড়া আয়ের উৎস ও পরিমাণ সহজে পর্যবেক্ষণের জন্য নতুন ‘অ্যানালিটিক্স টুল’ যুক্ত করা হয়েছে। মূলত ফেসবুক ছেড়ে অন্য প্ল্যাটফর্মে চলে যাওয়া জনপ্রিয় তারকাদের ফিরিয়ে আনতেই মেটার এই বিশাল বিনিয়োগ।