"শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রংপুরের যৌথ উদ্যোগে একটি বিশেষ র্যালির আয়োজন করা হয়।
আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ব্যানার ও ফেস্টুন হাতে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
ব্যানার থেকে জানা যায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), এডুকো (Educo), ইউরোপীয় ইউনিয়ন (EU), এম্বাসি অব ডেনমার্ক, ওয়ার্ল্ড ভিশন, কিংডম অব দ্য নেদারল্যান্ডস এবং সুইডেন সরকারের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও শিশুশ্রম ও শ্রমসংক্রান্ত যেকোনো অভিযোগ বা সহায়তার জন্য সরকারের শ্রম সংক্রান্ত হেল্পলাইন ১৬৩৯৭ (টোল ফ্রি) নম্বরের প্রচারণাও চালানো হয় র্যালি থেকে।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এবং দেশের টেকসই উন্নয়নের জন্য শিশুশ্রম বন্ধ করা অত্যন্ত জরুরি। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে আইনি প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর তারা বিশেষ জোর দেন। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে আগামী দিনে একটি শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।