নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় এয়ার কানাডার একটি যাত্রীবাহী উড়োজাহাজের সাথে রানওয়েতে থাকা একটি দমকল ট্রাকের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় রোববার (২২ মার্চ) রাতের এই ঘটনায় বিমানবন্দরের সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
কানাডার মন্ট্রিয়ল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের সিআরজে-৯০০ (CRJ-900) উড়োজাহাজটি রানওয়েতে নামার পরপরই সেখানে অবস্থানরত একটি অগ্নিনির্বাপক ট্রাককে ধাক্কা দেয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, সংঘর্ষের সময় উড়োজাহাজটি ঘণ্টায় প্রায় ৩৯ কিলোমিটার (২৪ মাইল) গতিতে চলছিল।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে বিমানবন্দরটি থেকে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিলেন কিংবা এই সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালুর বিষয়েও কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি, তবে তদন্ত সাপেক্ষে জরুরি অবস্থার মেয়াদ বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে এফএএ।