শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
মাদকমুক্ত সমাজ গঠনে সালথায় যুবসংঘের উদ্যোগে সমাবেশ, সচেতনতায় প্রশাসনের ঐক্যবদ্ধ আহ্বান

মাদকমুক্ত সমাজ গঠনে সালথায় যুবসংঘের উদ্যোগে সমাবেশ, সচেতনতায় প্রশাসনের ঐক্যবদ্ধ আহ্বান

বিশেষ প্রতিনিধি

মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করে একটি সুস্থ, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার প্রত্যয়ে ফরিদপুরের সালথা উপজেলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সচেতনতামূলক এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।


শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার তেলি সালথা ঈদগাহ মাঠে তেলি সালথা পশ্চিমপাড়া যুবসংঘের উদ্যোগে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


তেলি সালথা পশ্চিমপাড়া যুবসংঘের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান।


এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক আব্দুল মান্নান মাতুব্বর, আব্দুর রহমান খান, মো. ফারুক মিয়াসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ ও যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সামাজিক উদ্যোগ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


বিশেষ অতিথি সালথা থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি পেলে মাদক নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।”

সমাবেশের শেষপর্বে উপস্থিত সবাইকে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন