মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল লতিফ, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন।
এ সময় ইবি উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান এবং জাতীয় উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তিনি নতুন প্রজন্মকে ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।