জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘যুব শক্তি’র ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেঁজুতি হোসাইন বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দুই শতাধিক নেতাকর্মীসহ তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সেঁজুতি হোসাইন বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেন।
যোগদানের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সেঁজুতি হোসাইন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির হাতকে শক্তিশালী করা এবং দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকেই তিনি এই পথ বেছে নিয়েছেন। ভবিষ্যতে দলের সাংগঠনিক কার্যক্রমে নিজেকে পুরোপুরি নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নতুনদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। জুলাই আন্দোলনের যোদ্ধাসহ যারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হতে চান, তাদের সবার জন্য আমাদের দরজা খোলা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদীসহ স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে নবাগতদের ফুলেল বরণ করে নেওয়া হয় এবং বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।