সোমবার, ২০ এপ্রিল ২০২৬
পীরগঞ্জে প্রভাবশালী চক্রের কবলে আখিরা নদী: প্রশাসনের রহস্যজনক নীরবতা

পীরগঞ্জে প্রভাবশালী চক্রের কবলে আখিরা নদী: প্রশাসনের রহস্যজনক নীরবতা

যিশাই মুরমু হীরা

রংপুরের পীরগঞ্জ পৌরসভা এলাকার প্রাণ হিসেবে পরিচিত আখিরা নদী এখন দখলদারদের কবলে পড়ে অস্তিত্ব সংকটে ভুগছে। থানার পশ্চিম পাশে সড়ক সংলগ্ন ব্রিজের পূর্ব অংশে প্রভাবশালী মহলের নদী দখলের এক ভয়াবহ চিত্র প্রকাশ্যে এসেছে, যেখানে প্রকাশ্য দিবালোকে মাটি ফেলে নদীর অংশ ভরাট করে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। সরেজমিনে দেখা গেছে, নদীর স্বাভাবিক প্রবাহকে সম্পূর্ণ বাধাগ্রস্ত করে এই দখলের মহোৎসব চললেও সংশ্লিষ্ট প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, ছোটখাটো বিষয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলেও প্রভাবশালীদের ক্ষেত্রে আইন প্রয়োগে চরম গড়িমসি দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে যে আইনের হাত কি কেবল দুর্বলদের জন্যই? নদী দখলের ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে ভয়াবহ জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এভাবে দখল চলতে থাকলে অচিরেই আখিরা নদী মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। এমতাবস্থায় পীরগঞ্জ পৌর প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে অবৈধ উচ্ছেদ অভিযান চালিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন