পটুয়াখালীর বাউফল উপজেলায় ইয়াবা বিক্রির অভিযোগে সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার নুরাইপুর ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নুরাইপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালেক ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া এবং একই এলাকার বারেক জমাদ্দারের ছেলে সিফাতুল ইসলাম সিফাত (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় রুবেল ভূঁইয়ার কাছ থেকে তিন পিস এবং সিফাতুল ইসলাম সিফাতের কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কোনো ক্রেতাকে আটক করা সম্ভব হয়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে আটক দুইজনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। উদ্ধার হওয়া ইয়াবাসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।