আজ শুক্রবার, ২৬ জুন ২০২৬ খ্রি. বেলা ০২:০০ ঘটিকায় নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে আগামী ২৭-২৯ জুন ২০২৬ মাঠ পর্যায়ের নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের অংশগ্রহণে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব এন. এম. নাসিরুদ্দিন মহোদয় মেধাবী ও যোগ্য প্রার্থীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নিয়োগ কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সকল প্রার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর মাঠ পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে আগামী ২৭ জুন ২০২৬ তারিখ সকাল ০৭:০০ ঘটিকার মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ নোয়াখালী পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে সারিবদ্ধভাবে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।