শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
আফলাটক্সিন দূষণ মুক্ত ভুট্টা উৎপাদনে সফল বাকৃবির গবেষণা

আফলাটক্সিন দূষণ মুক্ত ভুট্টা উৎপাদনে সফল বাকৃবির গবেষণা

মুহাম্মদ সোহান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের উদ্যোগে ভুট্টায় আফলাটক্সিন দূষণ রোধ নিয়ে একটি গবেষণা প্রকল্পের সমাপনী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫ জুন) সকাল ১১টায় কৃষি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে আলোচনা হয় বাংলাদেশে উৎপাদিত ভুট্টায় আফলাটক্সিন দূষণ প্রতিরোধে টক্সিনমুক্ত অ্যাসপারজিলাস ফ্লেভাস ছত্রাকের জৈবনিয়ন্ত্রণ কার্যকারিতা মূল্যায়ন শীর্ষক প্রকল্পটি নিয়ে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের বাংলাদেশ কান্ট্রি প্রতিনিধি ওয়েন ডি. কালভার্ট, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ এনায়েত-এ-রাব্বী।

উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইসলাম হামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে গবেষণার মূল ফলাফল উপস্থাপন করেন প্রকল্পের প্রধান গবেষক উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম। উপস্থাপনায় তিনি টক্সিনমুক্ত অ্যাসপারজিলাস ফ্লেভাস ছত্রাক ব্যবহার করে জৈবিক উপায়ে আফলাটক্সিন নিয়ন্ত্রণের কার্যকারিতা এবং এর গুরুত্ব তুলে ধরেন। উপস্থাপনা শেষে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আফলাটক্সিন দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে দীর্ঘদিনের একটি বড় সমস্যা। তিনি জানান, গবেষক দলের নিরলস প্রচেষ্টায় একটি কার্যকর জৈবনিয়ন্ত্রণ পণ্য উদ্ভাবিত হয়েছে, যা দেশে নিরাপদ ও মানসম্মত ভুট্টা উৎপাদন বাড়াতে এবং আফলাটক্সিন দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জানা যায়, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এবং যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের যৌথ অর্থায়নে গবেষণা প্রকল্পটি পরিচালিত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-গবেষক, ইস্পাহানি এগ্রো লিমিটেডসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং পিএইচডি ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন