নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘Clean Campus Movement’ শীর্ষক একটি পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) এনভায়রনমেন্টাল ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক, নোবিপ্রবি এবং বিডি ক্লিনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। স্বেচ্ছাসেবীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন এবং অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বার্তা প্রচার করা হয়।
উক্ত কর্মসূচিতে বিডি ক্লিনের প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক এবং ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে এনভায়রনমেন্টাল ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক, নোবিপ্রবি-এর সভাপতি মিজানুর রহমান বলেন, "একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। ‘Clean Campus Movement’-এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার সংস্কৃতি গড়ে তুলতে চাই।"
সাধারণ সম্পাদক ত্বোহা মাহবুব মিঞা বলেন, "আমাদের লক্ষ্য কেবল একদিনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা নয়, বরং নোবিপ্রবিকে একটি টেকসই, সবুজ ও পরিবেশ-সচেতন ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠিত করা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।"
আয়োজকরা জানান, ‘‘Green Campus Initiative’’-এর অংশ হিসেবে ভবিষ্যতে বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সচেতনতামূলক আরও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।