শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মিনিবাস দূর্ঘটনায় আহত-৬জন।

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মিনিবাস দূর্ঘটনায় আহত-৬জন।

কাউছার উদ্দিন হৃদয়

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দমদমিয়া এলাকায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেলে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে টেকনাফের দমদমিয়া কেয়ারী গার্ড সংলগ্ন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মিনিবাসটির রেজিস্ট্রেশন নম্বর কক্সবাজার জ-১১-০২৩২। এটি পায়রা সার্ভিসের কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী মিনিবাস ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের দুইজন রোহিঙ্গা নাগরিক এবং টেকনাফ ও দমদমিয়া এলাকার চারজন বাসিন্দা রয়েছেন।
প্রত্যক্ষদর্শী মো. আয়ুব জানান, মিনিবাসটি দ্রুতগতিতে চলছিল। একটি বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়।
তিনি আরও বলেন, উদ্ধার অভিযানে বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে অংশ নেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন