পটুয়াখালী বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে বিক্ষোভের কয়েক ঘণ্টা পর একই দিন দুপুর ২টার দিকে আদালত তাকে জামিন মঞ্জুর করেন।
জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে বাউফল পৌর শহরের হাসপাতাল রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলাবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তার নিঃশর্ত মুক্তির আহ্বান জানান। তারা দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করারও দাবি জানান।
এদিকে, বিক্ষোভ কর্মসূচির কয়েক ঘণ্টা পর মঙ্গলবার দুপুর ২টার দিকে সংশ্লিষ্ট আদালত আব্দুল্লাহ আল ফাহাদের জামিন আবেদন মঞ্জুর করেন। তার জামিনের খবরে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।