নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের চাপাইনগর গ্রামে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় গৌরী পাহান (৮) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত গৌরী পাহান চাপাইনগর গ্রামের খোকন পাহানের বড় মেয়ে। সে স্থানীয় গোঁবরচাপা কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটি শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল গৌরী পাহান। গোবরচাপা বাজার থেকে দক্ষিণ দিকে ৩০০-৩৫০ মিটার দূরে নিকটবর্তী পাকা সড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় গৌরী পাহান রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।।
দুর্ঘটনার পর পরই ক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে পিকআপটি সহ চালক পালিয়ে যেতে সক্ষম হয়।খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।
এদিকে গৌরীর এমন অকাল ও নির্মম মৃত্যুতে তার পরিবার এবং চাপাইনগর গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।